বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনার পর এলাকার নিরাপত্তা জোরদার করতে নতুন পুলিশ ফাঁড়ি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নির্যাতিতার পরিবারের দীর্ঘদিনের দাবি মেনে দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সূর্যপুরে পৌঁছে নতুন পুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ সূর্যপুরে পৌঁছে প্রথমে তিনি নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। এরপর গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যাবেন। সবশেষে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করে কলকাতার উদ্দেশে রওনা দেবেন।
এলাকায় আগে একটি পুলিশ ক্যাম্প থাকলেও সেখানে সাধারণ মানুষের অভিযোগ গ্রহণের ব্যবস্থা ছিল না। ফলে সামান্য অভিযোগ জানাতেও প্রায় ১০ কিলোমিটার দূরের বারুইপুর থানায় যেতে হতো। নতুন ফাঁড়ি চালু হলে স্থানীয় বাসিন্দারা সেখানেই অভিযোগ দায়ের করতে পারবেন এবং প্রাথমিক তদন্তের কাজও দ্রুত শুরু করা সম্ভব হবে।
পুলিশ সূত্রে খবর, নতুন ফাঁড়িতে আগের তুলনায় বেশি সংখ্যক পুলিশকর্মী ও আধিকারিক মোতায়েন করা হবে। এর ফলে নিয়মিত টহলদারি, অপরাধ দমন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি পরিষেবা দেওয়া সহজ হবে বলে প্রশাসনের আশা।
উল্লেখ্য, সূর্যপুরে নাবালিকার ধর্ষণ-খুনের ঘটনায় গ্রেফতার হওয়া এক অভিযুক্ত পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে। বাকি অভিযুক্তেরা এখনও পুলিশি হেফাজতে রয়েছে। একই সঙ্গে এনকাউন্টার সংক্রান্ত ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি। ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় নমুনা সংগ্রহের প্রস্তুতিও শুরু করেছে। প্রশাসনের দাবি, তদন্তের প্রতিটি ধাপ আইন মেনেই সম্পন্ন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।