বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার জেরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল মামলার তদন্তে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে বারুইপুর জেলা পুলিশ, এসটিএফ এবং স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ অভিযানে এই গ্রেপ্তারি হয়। নতুন তিনজনকে ধরার ফলে মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে শনিবার বারুইপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হল সূর্যপুর হাটের কাছে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন। নির্যাতিতার পরিবারের দাবির ভিত্তিতে কয়েক দিনের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় নির্মিত এই ফাঁড়িতে অভিযোগ গ্রহণের জন্য পৃথক কক্ষ, আউটপোস্ট ইনচার্জের দফতর, মহিলা পুলিশ আধিকারিকের বসার ব্যবস্থা, লকআপ এবং রিজার্ভ ফোর্সের থাকার জন্য বিশেষ পরিকাঠামো রাখা হয়েছে।
সফরে মুখ্যমন্ত্রী নির্যাতিতা নাবালিকার পরিবার এবং গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গেও দেখা করবেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে বিশেষ আর্থিক সহায়তা তুলে দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
মুখ্যমন্ত্রীর সফরের আগে আইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) কঙ্করপ্রসাদ বারুই ঘটনাস্থল ও দুই পরিবারের বাড়ি পরিদর্শন করেন। প্রশাসনের উদ্যোগে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির মেরামতির কাজও সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তা জোরদার করতে সেখানে একাধিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, যার নজরদারি করবে বারুইপুর থানার পুলিশ।
এছাড়াও ফুলতলায় নিহত কিশোর প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গেও মুখ্যমন্ত্রীর বৈঠকের কর্মসূচি রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তাই এই সফরের মূল লক্ষ্য বলে প্রশাসনিক মহলের ধারণা।