জ্যোতিষ সংক্রান্ত পরামর্শের জনপ্রিয় অ্যাপ অ্যাস্ট্রোটক (Astrotalk) কি ব্যবহারকারীর ফোনে থাকা অন্য অ্যাপগুলির খোঁজ রাখছে? সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে এই প্রশ্ন উঠেছে। ভিডিওতে দাবি করা হয়েছে, অ্যাপটি ব্যবহারকারীর ফোনে ডেটিং, লোন, গেমিং-বেটিং এবং ব্যাঙ্কিং সংক্রান্ত অ্যাপ রয়েছে কি না, তা পরীক্ষা করতে পারে।
কনটেন্ট ক্রিয়েটর প্রথমেশ ভোঁসলের প্রকাশিত ওই ভিডিও অনুযায়ী, অ্যাস্ট্রোটক নাকি এমন ২৪৪টি অ্যাপের তালিকা পরীক্ষা করে এবং সেই সংক্রান্ত তথ্য সার্ভারে পাঠায়। একটি স্বাধীন প্রযুক্তি বিশ্লেষণে
অ্যাপের কোডে আরও বড়, ৭৮৭টি অ্যাপের তালিকার উল্লেখ পাওয়া গিয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে এই তথ্যের ভিত্তিতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে, এমন সিদ্ধান্তে পৌঁছনোর মতো নিশ্চিত প্রমাণ এখনও সামনে আসেনি।
বিষয়টি প্রকাশ্যে আসার পর অ্যাপের গোপনীয়তা নীতি, তথ্য সংগ্রহ এবং ব্যবহারকারীর সম্মতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, ফোনে কোন ধরনের অ্যাপ রয়েছে, সেই তথ্য কী কাজে ব্যবহার করা হয় এবং তা অন্য কোনও সার্ভারে পাঠানো হয় কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রযুক্তিগত দিক থেকে Android 11-এর পর থেকে ফোনে ইনস্টল থাকা সব অ্যাপের তালিকা দেখার ক্ষেত্রে গুগল কিছু বিধিনিষেধ চালু করেছে। তবে নির্দিষ্ট প্রয়োজন, যেমন অন্য অ্যাপের সঙ্গে সামঞ্জস্য বা UPI পরিষেবা, থাকলে অ্যাপের তালিকা দেখার অনুমতি বৈধ হতে পারে।
অ্যাস্ট্রোটকের বিরুদ্ধে কোনও নিয়মভঙ্গের অভিযোগ এখনও প্রতিষ্ঠিত হয়নি। সংস্থার সরকারি প্রতিক্রিয়া এবং সংশ্লিষ্ট অনুমতির বিস্তারিত জানা জরুরি। তাই ভাইরাল দাবিকে আপাতত অভিযোগ হিসেবেই দেখা উচিত।