হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র গুরুতর অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার রাতে নিজের বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাঁকে স্থানীয় সান্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে গভীর রাতে কলকাতার বাইপাসের আর এন টেগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিধায়ককে।
বিভিন্ন সূত্রের দাবি, রেখা পাত্রের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে খবর। চিকিৎসার জন্য হাসপাতালের তরফে একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। তবে তাঁর অসুস্থতার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
বিষক্রিয়ার জেরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে কিছু সূত্রে দাবি করা হচ্ছে। কিন্তু এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। অন্যদিকে, বিজেপি সূত্রে তাঁর অবস্থা স্থিতিশীল বলে দাবি করা হয়েছে। ফলে বিধায়কের শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন তথ্য সামনে আসছে।
সন্দেশখালি আন্দোলনের সময় পরিচিত মুখ হয়ে ওঠেন রেখা পাত্র। বর্তমানে তিনি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণ, অসুস্থতার কারণ এবং পরবর্তী শারীরিক পরিস্থিতির দিকে নজর রয়েছে।