ঝাড়খণ্ডের গিরিডিতে বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত বাড়ি ‘শান্তি ভবন’-এ ৮৯ বছর ধরে তালাবন্ধ একটি লোহার সিন্দুক ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। এই সিন্দুক খোলার বিষয়টি সামনে আসতেই তার ভিতরে কী রয়েছে, তা নিয়ে কৌতূহল বাড়ছে।
১৮ নভেম্বর ঝাড়খণ্ড হাই কোর্ট জগদীশচন্দ্র বসুর ঐতিহাসিক বাড়ি ও সংগ্রহশালার বেহাল অবস্থা নিয়ে স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা শুরু করে। আদালত রাজ্যের পর্যটন, শিল্পকলা, সংস্কৃতি, ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের সচিব এবং গিরিডির জেলাশাসকের কাছে হলফনামা চেয়েছে। ঐতিহাসিক বাড়িটির সংরক্ষণ ও সংস্কারের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির বিষয়টিও আদালতের নজরে এসেছে।
আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, বিজ্ঞানীর গবেষণার গুরুত্বপূর্ণ নথি ওই সিন্দুকে থাকতে পারে। সেগুলি উদ্ধার করা গেলে বিজ্ঞানচর্চার ক্ষেত্রে মূল্যবান সম্পদ হয়ে উঠতে পারে। তবে সিন্দুকের ভিতরে ঠিক কী রয়েছে, তা এখনও জানা যায়নি।
২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের গিরিডি সফরের সময় সিন্দুক খোলার পরিকল্পনা হয়েছিল। কিন্তু সফর বাতিল হওয়ায় সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি বলে খবর।
২৩ নভেম্বর ১৯৩৭ সালে গিরিডির শান্তি ভবনেই প্রয়াত হন জগদীশচন্দ্র বসু। তাঁর প্রয়াণদিবসের আগে এই ঘটনা বিজ্ঞানীর গবেষণা, স্মৃতি ও ঐতিহ্য সংরক্ষণের প্রশ্নকে নতুন করে সামনে এনেছে।