সরকারি প্রশাসনকে আরও বেশি বাংলাভাষী মানুষের কাছে পৌঁছে দিতে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের। ১ সেপ্টেম্বর থেকে প্রশাসনিক কাজে বাংলাকে প্রধান ভাষা হিসেবে ব্যবহারের নির্দেশ জারি করেছে নবান্ন। সরকারি নথি, চিঠিপত্র, বিজ্ঞপ্তি, আদেশনামা ও প্রতিবেদন তৈরির পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগেও বাংলাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।
এই উদ্যোগের বাস্তবায়ন তদারকিতে মুখ্যসচিবের নেতৃত্বে গড়া হবে রাজ্যস্তরীয় পরিচালন কমিটি। প্রতিটি দফতর ও জেলাতেও থাকবে পৃথক বাস্তবায়ন কমিটি। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তৈরি হবে পশ্চিমবঙ্গ সরকারি ভাষা। সরকারি কাজে প্রয়োজনীয় পরামর্শ ও অনুবাদের জন্য পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সহায়তা নেওয়া হবে।
জনপরিষেবার ক্ষেত্রে আবেদন গ্রহণ, তার উত্তর, পরিষেবা সংক্রান্ত তথ্য, বিজ্ঞপ্তি, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি—সব ক্ষেত্রেই বাংলায় যোগাযোগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলিও এর আওতায় থাকবে।
প্রয়োজনে বাংলা জানা কর্মী, অনুবাদক, মুদ্রাক্ষরিক, সংশোধন-পাঠক ও ভাষা-বিশেষজ্ঞ নিয়োগ করা হবে। তিন মাসের মধ্যে প্রতিটি দফতরকে পরিকাঠামো সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। কম্পিউটার ব্যবস্থা, নথি সংরক্ষণ, অনলাইন পরিষেবা, প্রশিক্ষণ ও অতিরিক্ত অর্থের প্রয়োজনীয়তাও খতিয়ে দেখা হবে।
সরকারি কর্মীদের বাংলা নথি তৈরি, সরকারি পরিভাষা ব্যবহার এবং বাংলায় জনসংযোগের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। প্রতিটি দফতর ও জেলা প্রশাসনকে মাসিক অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে।
সরকারের লক্ষ্য—‘জনসাধারণের ভাষায়, জনসাধারণের জন্য প্রশাসন’।