রাজ্যে শিল্পায়ন নিয়ে নতুন আশার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সিটি সেন্টারে একটি খ্যাতনামা বস্ত্র বিপণন সংস্থার নতুন আউটলেট উদ্বোধন করতে গিয়ে তিনি দাবি করেন, পরিবর্তনের পর পশ্চিমবঙ্গ ধীরে ধীরে শিল্পবান্ধব রাজ্যে পরিণত হচ্ছে এবং একাধিক দেশি-বিদেশি সংস্থা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে।
মুখ্যমন্ত্রী জানান, সংশ্লিষ্ট বস্ত্র সংস্থা আগামী কয়েক বছরের মধ্যে বাংলায় ১৪০টি স্টোর খুলবে। পুরুলিয়ায় তারা ১০০ একর জমি কিনে সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলছে এবং ভবিষ্যতে মোট ১০০০ একর জমিতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পগুলির মাধ্যমে প্রায় ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং বহু কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে তাঁর দাবি।
পূর্বতন সরকারের বিরুদ্ধে কাটমানি ও শিল্পে অনীহার অভিযোগ তুলে শুভেন্দু বলেন, এখন বিনিয়োগকারী সংস্থার বিশ্বাসযোগ্যতা, আর্থিক স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা খতিয়ে দেখেই অনুমোদন দেওয়া হচ্ছে। শুধুমাত্র প্রচারের জন্য নয়, বাস্তব শিল্পায়নের লক্ষ্যেই সরকার কাজ করছে বলে তিনি জানান।
ইতিমধ্যেই আমুল, লাক্স কোজি, শ্যাম স্টিল এবং মিৎসুবিসির মতো সংস্থাগুলি বাংলায় বড় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। হাওড়ার সাঁকরাইলে অত্যাধুনিক দুগ্ধজাত পণ্য কারখানা, ইস্পাত শিল্পের সম্প্রসারণ, সেমিকন্ডাক্টর উৎপাদন এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও নতুন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।
এছাড়াও দীর্ঘদিন বন্ধ থাকা একাধিক জুটমিল পুনরায় চালু হওয়ায় শিল্পাঞ্চলে কর্মসংস্থান বাড়ছে। সরকারের দাবি, বিনিয়োগ, পরিকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে শিল্পখরা কাটিয়ে নতুন অর্থনৈতিক অধ্যায়ের দিকে এগোচ্ছে।