শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষকদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ) এবং শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নিউ টাউনের কনভেনশন সেন্টারে ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান’ অনুষ্ঠানে তিনি জানান, আদালতের নির্দেশ এবং ইন্দু মলহোত্র কমিটির সিদ্ধান্ত মেনেই ডিএ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রীর দাবি, শিক্ষক, শিক্ষাকর্মী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ মেটাতে প্রায় ১২ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। এককালীন এই বিপুল অর্থ দেওয়া সম্ভব না হলেও পর্যায়ক্রমে তা মেটানোর বিষয়ে সরকারের অবস্থান ইতিবাচক বলে জানান তিনি। তাঁর কথায়, মলহোত্র কমিটি নির্দেশ দিলে রাজ্য সরকার সহযোগিতা করবে।
এদিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়েও মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন। অতীতে নিয়োগে অনিয়মের অভিযোগে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করে তিনি জানান, এবার সুপ্রিম কোর্ট ও কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনেই স্বচ্ছ এবং ‘পরিশুদ্ধ’ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হবে। কোনও বেআইনি কাজ বরদাস্ত করা হবে না বলেও আশ্বাস দেন তিনি।
শিক্ষকদের প্রশাসনিক কাজের চাপ কমানোর বিষয়েও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, শিক্ষকদের মূল দায়িত্ব পড়ানো; মিড-ডে মিলের হিসাব-নিকাশের মতো কাজের জন্য আলাদা শিক্ষাকর্মী নিয়োগ করা প্রয়োজন।
তিনি আরও জানান, পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের আগাম বেতন দেওয়া হবে এবং তার সঙ্গে ২০ শতাংশ ডিএ যুক্ত থাকবে। তবে এই অর্থ বকেয়া ডিএ-র অংশ নয় বলেও স্পষ্ট করেন তিনি।