মহালয়াকে ঘিরে এবার কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলেছে বিশেষ মেগা অনুষ্ঠান। রাজনৈতিক পালাবদলের পর বাংলায় বিজেপি সরকারের প্রথম দুর্গাপুজোকে স্মরণীয় করে তুলতে রাজ্য সরকারের উদ্যোগে এই ‘উমা আগমনী’ অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ১০ অক্টোবর মহালয়া। সূত্রের খবর, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতির সম্ভাবনাও রয়েছে।
রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে ইতিমধ্যেই অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, অনুষ্ঠানকে বাংলার সংস্কৃতি ও দুর্গাপুজোর ঐতিহ্যের এক বৃহৎ প্রদর্শনী হিসেবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। বাংলায় দুর্গাপুজোর ইতিহাস, লোকসংস্কৃতি, ধুনুচি নাচ, ছৌ নাচ এবং ঢাকের বাদ্যি—সবকিছুর সমন্বয়ে সাজানো হতে পারে অনুষ্ঠানটি।
দুর্গাপুজোকে কেন্দ্র করে বাংলার বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ডের কথাও মাথায় রাখা হচ্ছে। প্রতিমাশিল্পী থেকে মণ্ডপ নির্মাতা, আলোকশিল্পী, ঢাকি, পোশাক ব্যবসায়ী, পরিবহণ কর্মী, রেস্তরাঁ এবং পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষ এই উৎসবের উপর নির্ভরশীল। ফলে পুজোর আয়োজন ও উৎসবের পরিবেশ যাতে স্বাভাবিক থাকে, সে বিষয়েও রাজ্য সরকার গুরুত্ব দিচ্ছে।
পাশাপাশি ইডেন গার্ডেন্সে এত বড় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা ও পরিকাঠামোর বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর উপস্থিতি চূড়ান্ত হলে নিরাপত্তা ব্যবস্থায় আরও কড়াকড়ি হতে পারে। সব দিক খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।
রাজ্য সরকারের লক্ষ্য, এই আয়োজনের মাধ্যমে বাংলার দুর্গাপুজোর ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতিকে বৃহত্তর জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা।