কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে আধুনিক রূপ দিয়ে ফেরানোর উদ্যোগ আরও এক ধাপ এগোল। শহরের পরিবহণ পরিকাঠামো উন্নয়ন এবং ট্রাম পরিষেবার সম্প্রসারণ নিয়ে অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার পরিবহণ ভবনে কলকাতায় নিযুক্ত অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চের সঙ্গে তাঁর বৈঠকে ট্রাম-সহ সামগ্রিক পরিবহণ ব্যবস্থা আধুনিকীকরণের বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠকে মন্ত্রী জানান, কলকাতায় ট্রাম পরিষেবা পুনরায় সক্রিয় করার বিষয়ে রাজ্য সরকার পরিকল্পনা করছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি সংস্থা রাইটসকে দিয়ে সমীক্ষা করানো হচ্ছে। পুরনো রুটের পাশাপাশি ভবিষ্যতে ট্রাম চলাচলের পরিসর কীভাবে বাড়ানো যায় এবং পরিষেবাকে আরও কার্যকর ও আধুনিক করা যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।
অস্ট্রেলিয়া সফরের সময় সেখানকার পরিবহণ ব্যবস্থার বিভিন্ন দিক পরিদর্শন করেছিলেন মন্ত্রী। বিশেষ করে মেলবোর্নের জনপ্রিয় ট্রাম পরিষেবা কলকাতার জন্য কীভাবে উপযোগী হতে পারে, তা নিয়ে আগ্রহ রয়েছে। পশ্চিমবঙ্গের পরিবহণ পরিকাঠামোয় অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।
অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল কলকাতার পরিবহণ উন্নয়ন প্রকল্পে সে দেশের সংস্থাগুলির অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। মন্ত্রীও সরকারি নিয়ম ও নির্ধারিত প্রক্রিয়া মেনে পরিবহণ দপ্তরের বিভিন্ন দরপত্রে অস্ট্রেলীয় সংস্থাগুলিকে অংশ নেওয়ার আহ্বান জানান।
কলকাতা ও মেলবোর্নের মধ্যে দীর্ঘদিনের ট্রাম-সম্পর্ক রয়েছে। ট্রামপ্রেমীদের উদ্যোগে দুই শহরের মধ্যে একাধিক সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী যোগাযোগও হয়েছে। এবার সেই সম্পর্ককে কাজে লাগিয়ে কলকাতার ট্রাম পরিষেবাকে নতুন প্রযুক্তি ও পরিকাঠামোর সঙ্গে যুক্ত করার সম্ভাবনা তৈরি হয়েছে।