২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব ঘিরে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। আগে ঘোষিত সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১৫ ফেব্রুয়ারি। কিন্তু নতুন প্রস্তাবে ২ মার্চ থেকে পরীক্ষা শুরু করার কথা বলা হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, জনগণনার কাজের জন্য পরীক্ষার সূচি বদলের প্রস্তাব স্কুলশিক্ষা দফতরে পাঠানো হয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে জনগণনার প্রথম পর্বের কাজ শুরু হয়ে ১ মার্চ পর্যন্ত চলার কথা। এই কাজে বহু শিক্ষক ও স্কুলকর্মী যুক্ত থাকবেন। ফলে পরীক্ষা পরিচালনার জন্য পর্যাপ্ত শিক্ষক ও পরিদর্শক পাওয়া নিয়ে সমস্যা হতে পারে। সেই কারণেই সূচি বদলের প্রস্তাব বলে জানা যাচ্ছে।
মাধ্যমিক ২০২৭: আগের ও প্রস্তাবিত সূচি
বিষয় আগের সূচি প্রস্তাবিত সূচি
প্রথম ভাষা ১৫ ফেব্রুয়ারি ২ মার্চ
দ্বিতীয় ভাষা ১৬ ফেব্রুয়ারি ৩ মার্চ
ইতিহাস ১৮ ফেব্রুয়ারি ৫ মার্চ
ভূগোল ১৯ ফেব্রুয়ারি ৮ মার্চ
অঙ্ক ২২ ফেব্রুয়ারি ১২ মার্চ
ভৌতবিজ্ঞান ২৩ ফেব্রুয়ারি ১৩ মার্চ
জীবনবিজ্ঞান ২৪ ফেব্রুয়ারি ১৫ মার্চ
ঐচ্ছিক বিষয় ২৫ ফেব্রুয়ারি ১৬ মার্চ
প্রস্তাবিত সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকবে। পরীক্ষা শেষ হওয়ার কথা দুপুর ২টোয়।
পরীক্ষার্থীদের ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১. পরীক্ষা কি পিছিয়ে গিয়েছে?
না। এটি এখনও প্রস্তাব মাত্র। চূড়ান্ত অনুমোদন না পাওয়া পর্যন্ত আগের সূচিই কার্যকর থাকবে।
২. কেন সূচি বদলের প্রস্তাব?
জনগণনার কাজে শিক্ষক ও স্কুলকর্মীদের ব্যস্ত থাকার সম্ভাবনা রয়েছে। তাই পরীক্ষা পরিচালনার সুবিধার কথা ভেবে এই প্রস্তাব।
৩. চূড়ান্ত সিদ্ধান্ত কে নেবে?
পর্ষদ প্রস্তাব পাঠিয়েছে। স্কুলশিক্ষা দফতরের অনুমোদনের পরই নতুন সূচি কার্যকর হতে পারে।
৪. পড়াশোনার প্রস্তুতি কীভাবে চলবে?
নতুন সূচি অনুমোদিত না হওয়া পর্যন্ত আগের রুটিন ধরেই প্রস্তুতি চালানো উচিত। প্রতিদিনের পড়া, মক টেস্ট ও পুনরাবৃত্তির অভ্যাস বজায় রাখুন।
৫. অ্যাডমিট কার্ড ও টেস্ট পরীক্ষায় কি প্রভাব পড়বে?
এ বিষয়ে এখনও কোনও নিশ্চিত নির্দেশিকা প্রকাশিত হয়নি। পর্ষদের বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত পরিবর্তন ধরে নেওয়া ঠিক হবে না।
পরীক্ষার চূড়ান্ত সূচি ও পরবর্তী নির্দেশের জন্য পর্ষদের সরকারি ওয়েবসাইটে নজর রাখুন।