রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা চালুর আগে কলকাতায় বড় কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ১৬ ও ১৭ আগস্ট নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়ুষ্মান ভারতের মেগা অনুষ্ঠান হবে। এই কর্মসূচিতে যোগ দিতে আগামী রবিবার কলকাতায় আসার কথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার। রাজ্য সরকারের আমন্ত্রণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও অনুষ্ঠানে থাকার কথা রয়েছে।
আগামী ১৬ আগস্ট রাজ্যে আয়ুষ্মান দিবস পালনের মাধ্যমে প্রকল্পের উপভোক্তাদের পরিষেবা দেওয়ার কাজ শুরু হবে। রাজ্য সরকারের উদ্যোগেই নেতাজি ইনডোর স্টেডিয়ামে মূল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পরিষেবা প্রদানের সূচনা হবে।
নাড্ডার কলকাতা সফর ঘিরে বিজেপির সাংগঠনিক কর্মসূচিও রয়েছে। ১৬ আগস্ট কলকাতায় দলের একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। আগামী ২২ থেকে ৩০ আগস্ট জেলায় জেলায় যে প্রশিক্ষণ কর্মসূচি হবে, সেখানে বক্তাদের জন্য এই প্রস্তুতি শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে বিজেপির সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ এবং রাজ্য পর্যবেক্ষক সুনীল বনশলের উপস্থিত থাকার কথা। নাড্ডাও সেখানে থাকতে পারেন বলে দলীয় সূত্রে খবর।
এদিকে, আগামী ২০ আগস্ট কলকাতায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ২১ ও ২২ আগস্ট তাঁর একাধিক সরকারি ও দলীয় কর্মসূচি রয়েছে। বিজেপি নেতৃত্বাধীন সরকারের ১০০ দিন পূর্তিকে সামনে রেখেই তাঁর সফর বলে জানা যাচ্ছে। নাড্ডার সফরের পরেই শাহের আগমন ঘিরে রাজ্যে রাজনৈতিক তৎপরতা আরও বাড়তে পারে।