যাদবপুরে আজ, বুধবার আয়োজিত হতে চলেছে ‘গেরুয়া সম্মান যাত্রা’। সাধারণ নাগরিকদের সঙ্গে এই মিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর ৩টেয় গোলপার্ক থেকে মিছিল শুরু হয়ে শেষ হবে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে। মিছিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় নিরাপত্তা ও যান চলাচল নিয়ে বিশেষ প্রস্তুতি শুরু হয়েছে। সাময়িকভাবে বন্ধ রাখা হবে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড।
এদিকে মিছিলের দিনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চারটি মূল গেট বিকেল ৪টে থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে গেট বন্ধের নির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে মিছিলকে ঘিরে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নির্দিষ্ট একটি গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ ও বেরোনোর ব্যবস্থা রাখা হবে।
উল্লেখ্য, গত আগস্টে জিবি বৈঠককে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বাম ছাত্র সংগঠন ও এবিভিপির মধ্যে সংঘর্ষের জেরে ক্যাম্পাসে অশান্তি ছড়ায় এবং আগুন জ্বলার ঘটনাও ঘটে। ঘটনার প্রতিবাদে দুই পক্ষই পৃথকভাবে পথে নামে। পরে বিশ্ববিদ্যালয়ের বাইরে বিজেপির উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়, যেখানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এই আবহে আজকের ‘গেরুয়া সম্মান যাত্রা’ ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। প্রশাসনের নজর থাকবে মিছিলের নিরাপত্তা, যান চলাচল এবং বিশ্ববিদ্যালয় চত্বরে শান্তি বজায় রাখার দিকে।