কলকাতার সঙ্গে দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ শহরগুলির যোগাযোগ আরও দ্রুত ও সুসংহত করতে চারটি দ্রুতগতির রেল করিডর তৈরির প্রস্তাব দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। র্যাপিড রেল ট্রানজ়িট সিস্টেম বা আরআরটিএস-এর ধাঁচে এই করিডরগুলি গড়ে তোলার দাবি জানিয়ে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টরকে চিঠি দিয়েছেন তিনি।
সাংসদের প্রস্তাবের মূল লক্ষ্য, কলকাতাকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও নগরাঞ্চলের মধ্যে দ্রুত এবং নির্ভরযোগ্য গণপরিবহণ ব্যবস্থা তৈরি করা। তাঁর বক্তব্য অনুযায়ী, এমন পরিকাঠামো গড়ে উঠলে কলকাতার উপর ক্রমবর্ধমান জনসংখ্যা ও যানবাহনের চাপ কিছুটা কমানো সম্ভব হবে।
প্রস্তাবিত দ্রুতগতির করিডরগুলির মাধ্যমে কলকাতা ও আশপাশের শহরগুলির মধ্যে যাতায়াতের সময় কমবে বলেও দাবি করা হয়েছে। এর ফলে কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য এবং শিল্পের প্রসারের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলের মানবসম্পদের আরও কার্যকর ব্যবহার সম্ভব হতে পারে।
শমীক ভট্টাচার্যের মতে, কলকাতা ও দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ শহরগুলিকে একটি আধুনিক দ্রুত পরিবহণ নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করা গেলে গোটা অঞ্চলটি আরও সমন্বিত অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠতে পারে। একই সঙ্গে শহরকেন্দ্রিক উন্নয়নের পরিবর্তে আশপাশের অঞ্চলগুলিতেও অর্থনৈতিক কর্মকাণ্ড ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হবে।
তবে প্রস্তাবটি বাস্তবায়িত করতে হলে প্রকল্পের রুট, জমি, অর্থায়ন, প্রযুক্তিগত সম্ভাব্যতা এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয় নিয়ে বিস্তারিত পরিকল্পনার প্রয়োজন। এখন নজর কেন্দ্রীয় সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে।