পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকরের প্রক্রিয়া আরও একধাপ এগোল। বৃহস্পতিবার দিল্লির চাণক্যপুরী বঙ্গভবনে রাজ্য সরকারের গঠিত ইউসিসি কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, চলতি বছরের মধ্যেই অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির লক্ষ্যে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। পরবর্তী সময়ে এই খসড়ার ভিত্তিতেই পশ্চিমবঙ্গ বিধানসভায় ইউসিসি বিল পেশ করার পরিকল্পনা রয়েছে।
প্রায় দেড় ঘণ্টার বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে কলকাতায় কমিটির একটি অফিস চালু করা হবে। ইউসিসি নিয়ে বিভিন্ন সম্প্রদায় ও সংশ্লিষ্ট পক্ষের মতামত জানতে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনাও হয়েছে। পাশাপাশি বিজেপি-শাসিত অন্যান্য রাজ্যে কীভাবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হচ্ছে, তা খতিয়ে দেখবেন কমিটির সদস্যরা। সংশ্লিষ্ট রাজ্যগুলির নথি পর্যালোচনা করে পশ্চিমবঙ্গের পরিস্থিতির উপযোগী একটি খসড়া তৈরির উদ্যোগ নেওয়া হবে।
রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তি বণ্টন-সহ একাধিক বিষয়ে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে। তাঁদের মতামত নেওয়ার পরই খসড়ার কাঠামো চূড়ান্ত করার পথে এগোবে কমিটি।
রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহারে ইউসিসি কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও রাজ্যে ইউসিসি বিল আনার কথা ঘোষণা করেন। তাঁর দাবি, এর মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষের জন্য দেওয়ানি ক্ষেত্রে অভিন্ন আইন কার্যকর হবে। তবে আদিবাসী সম্প্রদায়কে এই আইনের আওতার বাইরে রাখার কথা বলা হয়েছে।
ইউসিসি নিয়ে কেন্দ্রের সঙ্গেও রাজ্য সরকারের আধিকারিকরা আলোচনা করবেন বলে জানা গিয়েছে।