কলকাতার বাইরে রাজ্যের চার জেলায় মিড ডে মিল সরবরাহের দায়িত্ব আপাতত ইসকনের হাতে যাচ্ছে না। হাওড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের জন্য ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-কে দেওয়া অনুমোদন প্রত্যাহার করেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। ফলে ওই চার জেলায় আগের নিয়মেই পড়ুয়াদের জন্য মিড ডে মিল রান্না ও পরিবেশন করা হবে।
বিকাশ ভবনের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-কে চার জেলায় মিড ডে মিল সরবরাহের যে অনুমোদন দেওয়া হয়েছিল, তা আপাতত বাতিল করা হল। বিষয়টি ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলার আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, স্কুলগুলিতে যেভাবে এতদিন রান্না করে নির্দিষ্ট সময়ে পড়ুয়াদের খাবার পরিবেশন করা হত, আপাতত সেই ব্যবস্থাই বহাল থাকবে।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর স্কুল পড়ুয়াদের মিড ডে মিল সরবরাহের ক্ষেত্রে ইসকনকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। প্রথম পর্যায়ে কলকাতার কয়েকটি স্কুলে এই পরিষেবা চালু করা হয়। ইসকনের সহযোগী সংস্থা ‘অন্নামৃত ফাউন্ডেশন’ কলকাতার স্কুলগুলিতে খাবার সরবরাহের দায়িত্ব পালন করছে। সেই মডেল সফল হলে রাজ্যের অন্যান্য জেলাতেও একই ব্যবস্থা চালুর পরিকল্পনা ছিল।
পরবর্তী পর্যায়ে চারটি জেলায় ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-কে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই অনুমোদন প্রত্যাহার করা হয়েছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হল, সে বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনও কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি। কলকাতায় ‘অন্নামৃত ফাউন্ডেশন’-এর মাধ্যমে মিড ডে মিল সরবরাহ অবশ্য আগের মতোই চলবে।