প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয়ের সময় দ্রুত উদ্ধার ও ত্রাণকাজে বিশেষ বাহিনী গড়ার উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার ঘোষণা করেছেন, প্রাক্তন সেনাকর্মী এবং ভবিষ্যতে অগ্নিবীরদের নিয়ে ‘অর্জুন বাহিনী’ তৈরি করা হবে।
প্রথম পর্যায়ে রাজ্য সৈনিক বোর্ডের মাধ্যমে ২০০ জন অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে এই বাহিনীতে নেওয়া হয়েছে। প্রত্যেকের বয়স ৪০ বছরের কম। প্রতিকূল ও বিপদসঙ্কুল পরিস্থিতিতে কাজ করার জন্য তাঁদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা NDRF-এর আদলে এই বাহিনীকে আধুনিক সরঞ্জাম ও পরিকাঠামো দিয়ে প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুন্দরবন এবং পাহাড়ের মতো বিপর্যয়প্রবণ এলাকায় ‘অর্জুন বাহিনী’কে বিশেষভাবে মোতায়েন করা হবে। পরিকল্পনা অনুযায়ী কলকাতায় ১০০ জন, পাহাড়ে ১০০ জন এবং সুন্দরবন এলাকায় ৫০ জনকে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় কাজে লাগানোর কথা রয়েছে।
ভবিষ্যতে চার বছরের চুক্তিতে ভারতীয় সেনায় কাজ শেষ করা অগ্নিবীরদেরও এই বাহিনীতে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর ফলে প্রশিক্ষিত প্রাক্তন সেনাকর্মীদের দক্ষতাকে রাজ্যের দুর্যোগ মোকাবিলা ব্যবস্থায় কাজে লাগানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
‘অর্জুন বাহিনী’র সদস্যদের জন্য আর্থিক সম্মানির ব্যবস্থাও করা হয়েছে। বাহিনীর প্রধান ‘বীর নায়ক’কে মাসে ৪০ হাজার টাকা এবং সদস্য ‘বীর’দের ২৫ হাজার টাকা দেওয়া হবে। প্রতি বছর ৩ শতাংশ হারে সম্মানি বৃদ্ধির কথাও জানানো হয়েছে।
এছাড়া দায়িত্ব পালনকালে প্রাণহানি হলে ১০ লক্ষ টাকা এবং গুরুতর আঘাতের কারণে শারীরিক অক্ষমতা হলে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার ব্যবস্থাও থাকবে।