ভূমিকম্পের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন রক্ষায় অভিনব উদ্যোগ নিয়েছেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সিন্টার প্ল্যান্টের কর্মী অভিজিৎকুমার চন্দ। তাঁর উদ্ভাবিত বিশেষ ‘সিসমিক প্রোটেকশন ইউনিট’ সম্প্রতি ভারত সরকারের পেটেন্ট পেয়েছে। গত ৬ আগস্ট ২০২৬ তাঁর এই আবিষ্কারের পেটেন্ট মঞ্জুর হয়।
অভিজিতের পরিকল্পনা অনুযায়ী, কার্বন ফাইবার অথবা স্টিল দিয়ে তৈরি এই বিশেষ ক্যাপসুলের ভিতরে থাকবে ফোমের সুরক্ষা স্তর। সেখানে সাত দিন পর্যন্ত প্রয়োজনীয় শুকনো খাবার, পানীয় জল ও টর্চ মজুত রাখা যাবে। ক্যাপসুলটির এমন নকশা করা হয়েছে যাতে ভিতরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছতে পারে।
এই ইউনিট বাড়ি বা ফ্ল্যাটের বাইরে স্থাপন করা হবে। ভূমিকম্পে কোনও ভবন ভেঙে পড়লেও ক্যাপসুলটি স্প্রিংয়ের সাহায্যে ঝুলন্ত অবস্থায় থাকার কথা। উজ্জ্বল লাল রঙের কারণে ধ্বংসস্তূপের মধ্যেও এটি সহজে শনাক্ত করা সম্ভব হবে বলে অভিজিতের পরিকল্পনা।
২০০১ সালের ভয়াবহ গুজরাত ভূমিকম্প তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছিল। সেই বিপর্যয়ে বিপুল প্রাণহানির ঘটনা থেকেই মানুষের জন্য এমন একটি নিরাপদ আশ্রয়ের চিন্তা শুরু করেন তিনি। দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও সংস্থার সঙ্গে যোগাযোগ করলেও বাস্তবায়নের সুযোগ পাননি। শেষ পর্যন্ত নিজের উদ্যোগেই আবিষ্কারটির পেটেন্টের জন্য আবেদন করেন।
এখন তাঁর লক্ষ্য, ‘সিসমিক প্রোটেকশন ইউনিট’-কে আরও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাস্তব ব্যবহারের উপযোগী করে তোলা। অভিজিৎ জানিয়েছেন, এই দীর্ঘ পথচলায় তাঁর মেয়ে অঙ্কিতা সরকারি ও প্রশাসনিক পেটেন্ট সংক্রান্ত কাজ সম্পন্ন করতে গুরুত্বপূর্ণভাবে পাশে ছিলেন।