নিউটাউনে তথ্যপ্রযুক্তি সংস্থা এল অ্যান্ড টি-র নতুন বিশাল ক্যাম্পাসের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার, ২৭ আগস্ট প্রদীপ জ্বালিয়ে ‘আনন্দ নিকেতন’ নামে এই ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। প্রায় ৭ লক্ষ ৪৮ হাজার বর্গফুট এলাকা জুড়ে গড়ে উঠেছে এই অত্যাধুনিক অফিস।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, নিউটাউনের এই ক্যাম্পাসে প্রায় ৫৮০০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তাঁর দাবি, এই বিনিয়োগ রাজ্যে তথ্যপ্রযুক্তি শিল্পের প্রসারের পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থানের পথ খুলে দেবে।
অনুষ্ঠান থেকে রাজ্যের বাইরে থাকা দক্ষ ও মেধাবী যুবক-যুবতীদের বাংলায় ফিরে আসার আহ্বান জানান শুভেন্দু। বেঙ্গালুরু, হায়দরাবাদ কিংবা বিদেশে কর্মরত রাজ্যের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, “দয়া করে ফিরে আসুন। এখানে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়েছে।”
মুখ্যমন্ত্রীর বক্তব্য, পশ্চিমবঙ্গে দক্ষ কর্মীর কোনও অভাব নেই। তাঁর দাবি, অতীতে যোগ্যতা অনুযায়ী সুযোগ ও সম্মান না পেলেও বর্তমানে পরিস্থিতি বদলাচ্ছে। রাজ্যে কর্মসংস্থান তৈরি এবং বিনিয়োগ বৃদ্ধিকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক পীযূষ কানোরিয়াও উপস্থিত ছিলেন। ছোট ও মাঝারি শিল্প উদ্যোগকে সহযোগিতা করার পাশাপাশি রাজ্যে আরও বিনিয়োগ আনার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, পশ্চিমবঙ্গকে ফের শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।