আগস্টের মধ্যে নয়, আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে রাজ্যের নতুন বাণিজ্য নীতি তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শনিবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ওয়েস্ট বেঙ্গল বিজনেস কাউন্সিলের বৈঠকে এ কথা জানান অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরি এবং বিনিয়োগ টানার লক্ষ্যে দ্রুত বাণিজ্য নীতি তৈরির পরিকল্পনা করেছিল সরকার। প্রথমে ১৫ আগস্টের মধ্যে নীতি চূড়ান্ত করার কথা বলা হলেও বাস্তবে তা সম্ভব হয়নি। মন্ত্রীর ব্যাখ্যা, বাণিজ্য নীতি তৈরি করা অত্যন্ত জটিল বিষয়। তাই আরও প্রায় এক মাস সময় প্রয়োজন হচ্ছে।
স্বপন দাশগুপ্ত বলেন, “আমরা বলেছিলাম ১৫ আগস্টের মধ্যে করব। কিন্তু একটু আন্ডারএস্টিমেট করেছিলাম। এটা অনেক জটিল অবস্থায় আছে। আমরা ১৫-১৭ সেপ্টেম্বরের মধ্যে করার চেষ্টা করছি।”
মন্ত্রী জানান, শুধু জমি সংক্রান্ত নীতি তৈরি করলেই হবে না। বিনিয়োগকারীরা কী ধরনের শিল্প গড়তে চাইছেন, কত কর্মসংস্থান তৈরি হবে এবং সেই শিল্পের সঙ্গে সহযোগী বা অনুসারী শিল্পের সম্ভাবনা রয়েছে কি না—সব দিক খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
পাশাপাশি রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তাঁর দাবি, বাংলার ঋণের পরিমাণ প্রায় ৮ লক্ষ কোটি টাকা। এই পরিস্থিতি সামলে শিল্পনীতির পরিকল্পনা করতে হবে।
কেন্দ্রের সঙ্গে সংঘাত এড়িয়ে সহযোগিতার মাধ্যমে রাজ্যের উন্নয়ন ঘটানোর পক্ষেও সওয়াল করেন তিনি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন এবং ওড়িশা, গুজরাট, মহারাষ্ট্রের মতো রাজ্যের সঙ্গে প্রতিযোগিতা করতে জমি, কর, বিদ্যুৎ ও আর্থিক সুবিধা মিলিয়ে নতুন শিল্প প্যাকেজ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান স্বপন।