আগামী ৩ সেপ্টেম্বর কলকাতা ও আশপাশের এলাকায় অ্যাপ-ক্যাব, ট্যাক্সি, ‘যাত্রী সাথী’ এবং বাইক-ট্যাক্সি পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন পরিবহণ শ্রমিক সংগঠন ওই দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে। পুলিশের হয়রানি, মিথ্যা মামলা এবং চালকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার প্রতিবাদেই এই কর্মসূচি বলে সংগঠনগুলির দাবি।
এআইটিইউসি, এআইইউটিইউসি এবং এআইসিসিটিইউ-র আওতাধীন পরিবহণ সংগঠনগুলি জানিয়েছে, ধর্মঘটের পাশাপাশি ওই দিন ‘পরিবহণ ভবন’ অভিযানও করা হবে। দুপুর ১টায় কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে গণেশচন্দ্র অ্যাভিনিউ হয়ে পরিবহণ ভবনের দিকে যাবে। সেখানে পরিবহণমন্ত্রীর কাছে দাবিপত্র তুলে দেওয়ার কথা রয়েছে।
সংগঠনগুলির অভিযোগ, ট্যাক্সি ও অ্যাপ-ক্যাব চালকদের অযথা পুলিশি হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধ করতে হবে। ট্রাফিক সিগন্যালের প্রযুক্তিগত সমস্যার কারণে সাময়িকভাবে সবুজ থেকে লাল হয়ে গেলে যাত্রী ওঠানো বা নামানোর জন্য চালকদের জরিমানা করার বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছে তারা।
এছাড়া ওলা, উবের-সহ বিভিন্ন অ্যাপ-ক্যাব সংস্থার কথিত অন্যায্য নীতি প্রত্যাহার, অকারণে চালকদের আইডি ব্লক না করা এবং রেল স্টেশনগুলিতে টাউটদের দৌরাত্ম্য বন্ধের দাবি উঠেছে। সরকারি নির্ধারিত ভাড়া নীতি কার্যকর করার পাশাপাশি বাইক-ট্যাক্সিকে বাণিজ্যিক যান হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনগুলি।
ফলে ধর্মঘট সফল হলে ৩ সেপ্টেম্বর দৈনন্দিন যাতায়াতে সমস্যায় পড়তে পারেন বহু মানুষ।