বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী প্রয়াত। রবিবার সকাল ১০টা ৪৫ মিনিটে কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন এই প্রখ্যাত শিল্পী। তাঁর মৃত্যুতে শিল্প ও সংস্কৃতি জগতে শোকের ছায়া নেমে এসেছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে রক্তের ক্যানসারের চিকিৎসা চলছিল যোগেন চৌধুরীর। গত ১৪ মাসে তাঁকে একাধিক দফায় কেমোথেরাপি দেওয়া হয়েছিল। সম্প্রতি মূত্রনালীর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসক ডা. তুফান কান্তি দোলাইয়ের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল।
১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার ফরিদপুরের ডহরপাড়ায় জন্ম যোগেন চৌধুরীর। দেশভাগের পরে পরিবারের সঙ্গে কলকাতায় চলে আসেন তিনি। ছোটবেলায় কাকার কোয়ার্টারের দেওয়ালে ছবি আঁকার মধ্য দিয়েই তাঁর শিল্পচর্চার শুরু। পরে নিজের স্বতন্ত্র রেখা, অবয়ব ও রঙের ব্যবহারে আধুনিক ভারতীয় চিত্রকলায় বিশেষ জায়গা করে নেন তিনি।
চিত্রশিল্পী হিসেবে পরিচিতির পাশাপাশি শিক্ষক ও লেখক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যোগেন চৌধুরী। দিল্লির রাষ্ট্রপতি ভবনের সংগ্রহশালায় অবেক্ষক হিসেবে কাজ করেছেন তিনি। পরে শান্তিনিকেতনের বিশ্বভারতীর কলাভবনে অধ্যাপক ও অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন।
শিল্পভাবনা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি ও শিল্পশিক্ষা নিয়ে বিভিন্ন সময়ে প্রবন্ধ লিখেছেন তিনি। কাব্যচর্চাও করেছেন। তাঁর শিল্পকর্ম ও লেখালিখি ভারতীয় শিল্প-সংস্কৃতির জগতে দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গিয়েছে। তাঁর প্রয়াণে এক উজ্জ্বল শিল্পীজীবনের অবসান হল।