ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কাটতে শুরু করলেও শুক্রবার, ৩০ অক্টোবর রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ৮ নভেম্বর কালীপুজো ও দীপাবলির আগে আবহাওয়ার দিকে নজর রাখছে রাজ্য।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কবে থেকে আকাশ পরিষ্কার হবে?
অর্ণবের অবশিষ্টাংশ ছত্তীসগঢ় ও সংলগ্ন ওড়িশা থেকে উত্তর-উত্তরপূর্ব দিকে সরে আরও দুর্বল হচ্ছে। ফলে দক্ষিণবঙ্গে ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে এক-দু’জায়গায় হালকা বৃষ্টি ছাড়া আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।
আবার নিম্নচাপ, ঘূর্ণিঝড় হবে কি?
দক্ষিণ আন্দামান সাগরের নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ৩১ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী দু’দিনে সেটি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
তাই কালীপুজোর আবহাওয়া নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না। নতুন বুলেটিনের জন্য IMD-র পূর্বাভাস অনুসরণ করুন।