কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা পদ নিয়ে বড় ধাক্কা খেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে অক্ষরুজ্জামানকে বিরোধী মুখ্য সচেতক হিসেবে নিয়োগের সিদ্ধান্তও বাতিল করেছে আদালত। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে আগামী ১০ দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ, বিরোধী দলনেতা এবং বিরোধী মুখ্য সচেতক পদে কাকে স্বীকৃতি দেওয়া হবে, তা আবার বিবেচনা করতে হবে স্পিকারকে।
উল্লেখ্য, গত ৩ জুন স্পিকার রথীন্দ্র বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা এবং অক্ষরুজ্জামানকে বিরোধী মুখ্য সচেতক হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তৃণমূলের বিক্ষুব্ধ অংশের নেতা হিসেবে পরিচিত ঋতব্রতর এই স্বীকৃতি নিয়ে রাজনৈতিক ও আইনি বিতর্ক শুরু হয়।
স্পিকারের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর দায়ের করা মামলার শুনানিতেই শুক্রবার আগের সিদ্ধান্ত খারিজ করে দেয় আদালত।
এই রায়ের ফলে বিধানসভায় বিরোধী দলনেতা পদ নিয়ে নতুন করে জটিলতা তৈরি হল। আপাতত ওই পদে কারও স্বীকৃতি বহাল থাকছে না। পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন স্পিকারের হাতে। আগামী ১০ দিনের মধ্যে স্পিকার কী সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
অন্যদিকে, এই রায়ের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল এবং বিজেপির প্রতিক্রিয়ার দিকেও নজর রয়েছে। আদালতের নির্দেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার কোনও পদক্ষেপ করা হয় কি না, সেটিও গুরুত্বপূর্ণ।