রেলের পর এবার কলকাতা মেট্রোতেও ট্রেনের নিরাপত্তা ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যবহার করা হবে দেশীয় প্রযুক্তি ‘কবচ’। মেট্রো সূত্রে জানা গিয়েছে, দেশের মেট্রো ব্যবস্থার মধ্যে কলকাতাতেই প্রথম এই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো শাখায় ‘কবচ’ বসানোর কাজ শুরু হয়েছে।
বর্তমানে কলকাতা মেট্রোর পূর্ব-পশ্চিম করিডরে ট্রেন চলাচল নিয়ন্ত্রণে সবচেয়ে আধুনিক প্রযুক্তিগুলির একটি হিসেবে ব্যবহৃত হচ্ছে ‘কমিউনিকেশন বেস্ড ট্রেন কন্ট্রোল সিস্টেম’ বা CBTC। ইতালির একটি সংস্থা তৈরি করেছে এই প্রযুক্তি। তবে এবার দেশীয় প্রযুক্তির উপর ভরসা করে ট্রেন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোর প্রায় ৭.০৪ কিলোমিটার অংশে ‘কবচ’ প্রযুক্তি স্থাপনের দায়িত্ব পেয়েছে হায়দরাবাদের একটি সংস্থা। এই প্রযুক্তি চালু হওয়ার পরে নির্দিষ্ট সময় ধরে এর কার্যকারিতা ও নিরাপত্তা ব্যবস্থার ফলাফল পর্যবেক্ষণ করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের গোড়ার দিকে নোয়াপাড়া-বিমানবন্দর শাখায় ‘কবচ’ প্রযুক্তির ব্যবহার শুরু হতে পারে। নতুন ব্যবস্থাটি সফল হলে কলকাতা মেট্রোর অন্যান্য গুরুত্বপূর্ণ করিডরেও এর ব্যবহার বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে উত্তর-দক্ষিণ মেট্রোর সিগন্যালিং এবং ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকীকরণে ‘কবচ’ প্রযুক্তি প্রয়োগের বিষয়টি বিবেচনা করা হতে পারে। ফলে কলকাতা মেট্রোর নিরাপত্তা এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে।