কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে নতুন রূপে ফিরিয়ে আনার উদ্যোগ শুরু হয়েছে। কলকাতার পাশাপাশি সল্টলেক, নিউটাউন এবং রাজারহাটেও ট্রাম চালানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পরিবহণ দফতরের দায়িত্ব পেয়ে সোমবার থেকেই এই বিষয়ে সমীক্ষা শুরু করেছে রাইটস। আগামী দু’মাসের মধ্যে সমীক্ষার রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে।
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, কোন কোন রাস্তা ট্রাম চলাচলের উপযুক্ত, কোথায় নতুন লাইন তৈরি করা সম্ভব এবং কী ভাবে পরিষেবাকে আধুনিক করা যায়—এই সমস্ত বিষয় খতিয়ে দেখবে রাইটস। সমীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তী পরিকল্পনা তৈরি হবে।
বর্তমানে কলকাতায় সীমিত কয়েকটি রুটে ট্রাম পরিষেবা চালু রয়েছে। শহরের বহু জায়গায় পুরনো ট্রামলাইন তুলে বা ভরাট করে দেওয়া হয়েছে। সেই লাইনগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা অনেক ক্ষেত্রেই কঠিন। তাই বিকল্প পথে নতুন করে ট্রাম পরিষেবা চালুর সম্ভাবনা খোঁজা হচ্ছে।
এছাড়াও কালীঘাট থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ট্রাম চালানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এই রুটে কোথা দিয়ে ট্রামলাইন যাবে, তা সমীক্ষার মাধ্যমে নির্ধারণ করবে রাইটস।
তবে পুরনো ট্রামগুলি ভবিষ্যতে আর নাও ফিরতে পারে। দীর্ঘদিনের পুরনো ট্রামের যন্ত্রাংশ পাওয়া কঠিন হয়ে পড়েছে এবং মেরামতের খরচও বেশি। ফলে কলকাতায় ট্রাম ফিরলেও তা আধুনিক চেহারায় ফেরার সম্ভাবনাই বেশি।
দু’কামরার নাকি এক কামরার ট্রাম চালানো হবে, সেই সিদ্ধান্তও রাইটসের রিপোর্টের পরেই নেওয়া হবে। লক্ষ্য, ঐতিহ্য বজায় রেখেই শহরের গণপরিবহণ ব্যবস্থায় ট্রামকে নতুনভাবে প্রতিষ্ঠা করা।