নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছেন তাঁর প্রপৌত্র চন্দ্র বসু। ‘আজাদ হিন্দ পার্টি’ নামে এই দলকে মূলত জেন জি-নির্ভর রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দলের মেন্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন চন্দ্র বসু। নেতাজিপ্রেমী ও গবেষকদের একটি গোষ্ঠীও এই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকবেন বলে জানা গিয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ১৯৪৩ সালের ২১ অক্টোবর নেতাজির আজাদ হিন্দ সরকার গঠনের ঘোষণার দিনটিকেই নতুন দলের আত্মপ্রকাশের জন্য বেছে নেওয়া হতে পারে। নেতাজির জন্মস্থান কটক থেকে দলের রাজনৈতিক যাত্রা শুরু করার পরিকল্পনা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের তরুণ সুভাষপ্রেমী ও গবেষকদের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগই তাঁকে এই উদ্যোগে উৎসাহিত করেছে বলে জানিয়েছেন চন্দ্র বসু।
সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন চন্দ্র বসু। এর আগে তিনি বিজেপি ও ফরওয়ার্ড ব্লকের সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর বক্তব্য, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কাজ করেও নেতাজির আদর্শকে জাতীয় স্তরে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তিনি পাননি। তাই নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত।
চন্দ্র বসুর মতে, শুধুমাত্র নেতাজির গোপন নথি প্রকাশ বা তাঁর অন্তর্ধান নিয়ে বিতর্ক চালিয়ে গেলে হবে না; তাঁর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। আর সেই কাজে জেন জি-কে সবচেয়ে কার্যকর শক্তি বলে মনে করছেন তিনি।
গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যের তরুণদের নিয়ে সংগঠন তৈরির প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশনে দলের নিবন্ধন ও প্রতীক তৈরির প্রক্রিয়াও ধাপে ধাপে এগোবে বলে জানা গিয়েছে।