নেতাজিকে নিয়ে কুকথায় কড়া বার্তা, ক্ষমা না চাইলে গ্রেফতানেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অপমানজনক মন্তব্য বা সমাজমাধ্যমে অপপ্রচার বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, নেতাজিকে নিয়ে আপত্তিকর পোস্টের বিরুদ্ধে ‘জ়িরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। পুলিশকে রাজনৈতিক পরিচয় না দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, নেতাজি একজন প্রকৃত দেশপ্রেমিক। তাঁর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করলে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র নির্দিষ্ট ধারায় মামলা হতে পারে এবং প্রয়োজন হলে গ্রেফতারও করা হবে। আপত্তিকর পোস্ট মুছে ফেলার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
সম্প্রতি বিজেপির রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজের নেতাজি ও আজাদ হিন্দ ফৌজ নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ হবে কি না, সেই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, আইন সকলের জন্য সমান। নেতাজিকে নিয়ে বিতর্কিত প্রচারের নেপথ্যে কারা রয়েছে, তা পুলিশ খতিয়ে দেখবে বলেও জানান তিনি।
অন্যদিকে, অনন্ত মহারাজ দাবি করেছেন, তিনি নেতাজিকে বদনাম করেননি এবং ইতিহাসের কথাই বলেছেন। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রীর মন্তব্য তিনি শোনেননি। এই আবহে নেতাজি-ইস্যুতে রাজ্য সরকারের কড়া অবস্থান ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।