মহালয়ার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে হতে চলেছে রাজ্যের দুর্গাপুজোর বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান। ৩০০০ ড্রোনের চোখধাঁধানো প্রদর্শনের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ড্রোনের আলোয় আকাশে ফুটে উঠবে দুর্গাপুজোর নানা ছবি ও বাংলার পুজোর ঐতিহ্য। নতুন সরকারের আমলে এই আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ।
অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পুজো উদ্বোধনের পাশাপাশি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে একাধিক সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে। ইডেনের মাঠে দর্শকদের বসার জন্য বিশেষ ব্যবস্থাও করা হচ্ছে। আমন্ত্রিত অতিথিদের জন্য থাকবে আলাদা বসার ব্যবস্থা।
তবে বিশেষ সরকারি কাজ থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের শীর্ষ কর্তাদের পাশাপাশি পুজো কমিটির প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এবার রাজ্যে দুর্গাপুজোর কার্নিভাল হচ্ছে না। তার বদলে ২৬ তারিখে পুজো কমিটিগুলিকে নিয়ে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলার বিখ্যাত খাবারের স্টল থাকবে।
মহালয়ার ভোরেও কলকাতার একাধিক ঐতিহ্যবাহী ঘাটে বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে। বাবুঘাট, আহিরীটোলা, জাজেস, নিমতলা এবং বাজা কদমতলা ঘাটে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’ বাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে মহালয়া থেকেই শহরে শুরু হয়ে যাবে পুজোর আবহ।