মহালয়ার সন্ধ্যায় চোখধাঁধানো আলো, সুর ও নৃত্যের মেলবন্ধনে উৎসবের আবহে মাতল তিলোত্তমা। শনিবার ইডেন গার্ডেন্সে আয়োজিত মহালয়ার মেগা অনুষ্ঠানে লাইট অ্যান্ড সাউন্ড শো এবং ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় দেবী দুর্গার নানা রূপ। আকাশে ফুটে ওঠে দুর্গতিনাশিনী এবং পদ্মের ছবি। অনুষ্ঠান ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।
এবারের দুর্গাপুজো বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজ্যে বিজেপি সরকারের আমলে এটিই প্রথম দুর্গোৎসব। তাই মহালয়ার এই বিশেষ আয়োজন ঘিরে প্রত্যাশা ছিল অনেক। শনিবার ঢাকের বোল, আদিবাসী নাচ এবং লগ্নজিতা চক্রবর্তীর গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শান, লগ্নজিতা চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী ও অন্তরা মিত্র। এছাড়াও পারফর্ম করেন শান্তনু মৈত্র ও তাঁর দল। যন্ত্রসংগীতে অংশ নেন দেবর্ষি ভট্টাচার্য-সহ অন্যান্য শিল্পীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ঋতুপর্ণা সেনগুপ্ত, তসলিমা নাসরিন-সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও তারকা। শিল্পী ইমন চক্রবর্তীকেও দেখা যায় অনুষ্ঠানে।
লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে মহালয়ায় রেডিওতে চণ্ডীপাঠের ঐতিহ্য থেকে শুরু করে দশমীর সিঁদুর খেলা পর্যন্ত দুর্গোৎসবের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়। পরে ড্রোন শোয়ের মাধ্যমে আকাশে ফুটিয়ে তোলা হয় দেবী দুর্গার প্রতিকৃতি।
এই মেগা অনুষ্ঠানের জন্য কলকাতার কয়েকটি রাস্তায় পণ্যবাহী যান চলাচলেও বিধিনিষেধ জারি করেছিল ট্র্যাফিক পুলিশ। সব মিলিয়ে মহালয়ার সন্ধ্যায় আলো, সংগীত ও প্রযুক্তির মেলবন্ধনে নতুন মাত্রা পেল কলকাতার উৎসবের আবহ।