সিপিএম নেতা শতরূপ ঘোষ ও ময়ূখ বিশ্বাসকে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপির প্রতিনিধিদের সঙ্গে দেখা যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সেই আবহেই কমিউনিস্টদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।
মঙ্গলবার সকালে ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, “রাতারাতি আরশোলারা আর কোথা থেকে আসবে? এসবই তো কমিউনিস্টদের তৈরি। তারাই আরশোলা, ছারপোকাদের তৈরি করে।” তাঁর অভিযোগ, বামপন্থীদের হাত ধরেই ‘দেশদ্রোহী’ তৈরি হয় এবং আন্দোলনের নামে সমাজে অশান্তি ছড়ানোর প্রবণতা তৈরি হচ্ছে।
দিলীপের বক্তব্যের প্রেক্ষাপট তৈরি হয়েছে বাঁকুড়ার ইন্দাসের একটি ঘটনা ঘিরে। সোমবার ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থক শেখ আবদুল হাফিজের পরিবারের পাশে দাঁড়াতে সেখানে গিয়েছিলেন সংগঠনের মুখপাত্র আশুতোষ রাঙ্কা-সহ কয়েকজন প্রতিনিধি। হাফিজের বাবার মৃত্যুর ঘটনায় পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা।
সেই কর্মসূচিতে আশুতোষদের সঙ্গে উপস্থিত ছিলেন সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ এবং ময়ূখ বিশ্বাস। পরিবারের সঙ্গে কথা বলা থেকে শুরু করে সাংবাদিক বৈঠক—পুরো কর্মসূচিতেই তাঁদের একসঙ্গে দেখা যায়। এ ছাড়া হাফিজের বাবা শেখ মাফিকের মৃত্যুর প্রতিবাদে রাজ্যজুড়ে কর্মসূচির ডাক দিয়েছিল এসএফআই।
সিজেপি এবং বাম নেতৃত্বের এই প্রকাশ্য মেলামেশা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। দিলীপ ঘোষ সেই প্রসঙ্গ টেনে দিল্লির ছাত্র আন্দোলনেরও উল্লেখ করেন। তাঁর দাবি, বাংলায় এ ধরনের অশান্তির চেষ্টা হলে রাজ্য সরকার তা রুখে দেবে।
দিলীপের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।