Latest News

🌟 WEEKLY WRAP UP 🌟

পশ্চিম এশিয়া সংঘাতের মাঝেই হরমুজ প্রণালী পেরিয়ে ভারতে এল ৩০ লক্ষ ব্যারেল তেলবাহী দুই ট্যাঙ্কার

Author : Mrinmoy Banerjee

12 March 2026 07:40 PM

58

পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকার মধ্যেই প্রায় ৩০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে দুটি ট্যাঙ্কার ভারতে পৌঁছেছে। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী,  Shenlong ট্যাঙ্কারটি প্রায় ১০ লক্ষ ব্যারেল সৌদি তেল নিয়ে বুধবার মুম্বই বন্দরে পৌঁছায়। অন্যদিকে ইরাক থেকে প্রায় ২০ লক্ষ ব্যারেল তেল বহনকারী একটি ভারতীয় ভিএলসিসি মুম্বইয়ে এসে ওড়িশার প্যারাদীপ বন্দরের দিকে রওনা হয়েছে।

সূত্রের মতে, গত পাঁচ-ছয় দিনের মধ্যে দুটি জাহাজই ইরান ও ওমানের মাঝের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জানা গেছে, প্রণালী পার হওয়ার আগে জাহাজ দুটি তাদের AIS ট্রান্সপন্ডার বন্ধ করে রেখেছিল এবং জলপথ পার হওয়ার পর তা আবার চালু করে। এদিকে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, জাহাজ চলাচলের নিরাপত্তা ও ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র Randhir Jaiswal জানান, বিদেশমন্ত্রী S. Jaishankar গত কয়েক দিনে তিনবার ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সর্বশেষ আলোচনায় জাহাজ চলাচলের নিরাপত্তা ও ভারতের জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে।

সূত্রের দাবি, হরমুজ প্রণালী পার হওয়ার আগে জাহাজ দুটি সম্ভবত ইরানের অনুমতি নিয়েছিল, যদিও তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। উল্লেখ্য, বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তরল পেট্রোলিয়াম ও এলএনজি বাণিজ্য এই প্রণালী দিয়েই হয়। বর্তমানে ভারতের প্রায় ২৫–২৭ লক্ষ ব্যারেল দৈনিক তেল আমদানির একটি বড় অংশই হরমুজ প্রণালী দিয়ে আসে, যা মোট আমদানির প্রায় অর্ধেক। এই তেলের বেশিরভাগই আসে ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত থেকে। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভারত ইরান থেকে তেল আমদানি করে না।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই দুই ট্যাঙ্কারের আগমন ভারতের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত কারণ পারস্য উপসাগরে আটকে থাকা আরও তেল ও এলপিজি জাহাজ আগামী দিনে দেশে পৌঁছাতে পারে।

Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW