দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্নের মুখে নৌসেনা। পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে গোপন তথ্য পাচারের অভিযোগে উত্তরপ্রদেশের আগ্রা থেকে গ্রেপ্তার করা হলো ভারতীয় নৌবাহিনীর এক কর্মরত কর্মীকে। ধৃতের নাম আদর্শ। তিনি কেরালার কোচি স্থিত সাদার্ন কমান্ডের নৌঘাঁটিতে কর্মরত ছিলেন বলে পুলিশ সূত্রে খবর।
রাজ্য পুলিশের সন্ত্রাসদমন শাখা (ATS) বেশ কিছু দিন ধরেই গোপন সূত্রে খবর পাচ্ছিল যে, আগ্রার এক ব্যক্তির গতিবিধি অত্যন্ত সন্দেহজনক। গোয়েন্দাদের নজরে আসার পর থেকেই তাঁর ওপর কড়া নজরদারি চালানো হচ্ছিল। কয়েক সপ্তাহ ধরে তাঁর ফোন কল এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটির ওপর নজর রাখা হয়। এটিএস নিশ্চিত হয় যে, ধৃত ব্যক্তি ভারতের সামরিক ক্ষেত্রের অত্যন্ত স্পর্শকাতর তথ্য সীমান্তের ওপারে পাচার করছেন। তথ্যপ্রমাণ হাতে আসতেই মঙ্গলবার আগ্রা থেকে আদর্শকে গ্রেপ্তার করে এটিএস-এর একটি বিশেষ দল।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত কর্মী কেরালার নৌঘাঁটিতে কর্মরত থাকাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও রণকৌশল সংক্রান্ত তথ্য পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে পাঠাতেন। এর বিনিময়ে তিনি বড় অংকের টাকা পেয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আদর্শকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করছে এটিএস এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। এই চক্রের পেছনে আর অন্য কোনও নৌসেনা কর্মী বা সিভিলিয়ান যুক্ত আছেন কি না, তা জানার চেষ্টা চলছে। ধৃতকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আরও বিশদ তদন্ত করা হতে পারে।
Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW