Latest News

🌟 WEEKLY WRAP UP 🌟

দোল বিভ্রাট: হাওড়া ও শিয়ালদহে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

Author : Bureau Reporter

28 February 2026 12:45 PM

90

কলকাতা:  বসন্ত উৎসবের দিনে মহানগরের লাইফলাইনে বড়সড় কাটছাঁট। প্রতি বছরের মতো এবারও দোল পূর্ণিমার দিন দুপুরে যাত্রী সংখ্যা কম থাকার সম্ভাবনা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শয়ে শয়ে লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। হাওড়া এবং শিয়ালদহ— দুই ডিভিশনেই দোলযাত্রার দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিষেবা আংশিক ব্যাহত থাকবে।

রেল সূত্রে খবর, দোলযাত্রার দিন সকালে ভিড় থাকলেও দুপুর ২টোর পর থেকে লোকাল ট্রেনের যাত্রী সংখ্যা কার্যত শূন্যে ঠেকে। এছাড়া ট্রেনে রঙ খেলা বা মত্ত অবস্থায় বিশৃঙ্খলা রোখার উদ্দেশ্যেই প্রতি বছর এই 'প্যাটার্ন অফ সার্ভিস' অনুসরণ করা হয়। শিয়ালদহ মেইন, উত্তর এবং দক্ষিণ শাখা মিলিয়ে মোট ১০০টিরও বেশি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ট্রেনগুলি চলবে না। বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট এবং কৃষ্ণনগর শাখায় সবথেকে বেশি ট্রেন বাতিল থাকবে। হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-বর্ধমান (মেন ও কর্ড) এবং হাওড়া-কাটোয়া শাখায় ৬০টির বেশি ট্রেন বাতিল করা হয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে লোকাল ট্রেনের ফ্রিকোয়েন্সি কমিয়ে দেওয়া হয়েছে। খড়গপুর ও মেদিনীপুর শাখাতেও বেশ কিছু লোকাল ট্রেন বাতিলের তালিকায় রয়েছে।

বিকেলের পর থেকে অবশ্য রেল পরিষেবা পুনরায় স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে। তবে যাতায়াতের আগে রেলের অফিসিয়াল অ্যাপ 'NTES' বা স্টেশন মাস্টারদের থেকে সঠিক সময় জেনে নেওয়ার পরামর্শ দিচ্ছে রেল।

Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW