কলকাতা: দীর্ঘ চার বছরের বন্দিজীবনের অবসান হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত শান্তিপ্রসাদ সিন্হার। সিবিআইয়ের পর এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর মামলাতেও কলকাতা হাই কোর্ট থেকে জামিন পেলেন এসএসসির প্রাক্তন এই উপদেষ্টা। ফলে তাঁর জেল থেকে বেরনোর ক্ষেত্রে আর কোনও আইনি বাধা রইল না।
২০২৪ সালেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআই মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন শান্তিপ্রসাদবাবু। তবে সিবিআই মামলায় রেহাই পেলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দায়ের করা আর্থিক তছরুপের মামলায় তাঁর জামিন মেলেনি। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এতদিন তাঁকে জেল হেফাজতেই থাকতে হয়েছিল। অবশেষে হাই কোর্টের এই নির্দেশে স্বস্তিতে তিনি। আদালত সূত্রে খবর, শান্তিপ্রসাদ সিন্হা দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন। মামলার বিচার প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগার সম্ভাবনা। এই দীর্ঘ সময়কাল এবং সিবিআই মামলায় আগে পাওয়া জামিনের বিষয়টি বিবেচনা করেই আদালত তাঁকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে জামিনের ক্ষেত্রে আদালত বেশ কিছু কড়া শর্ত আরোপ করতে পারে বলে জানা গেছে। হাই কোর্টের রায়ের প্রতিলিপি নিম্ন আদালতে পৌঁছানোর পর প্রয়োজনীয় নথিপত্র এবং বন্ড জমা দিলেই জেল থেকে মুক্তি পাবেন শান্তিপ্রসাদবাবু। ৪ বছর পর তাঁর এই কারামুক্তি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এক গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন আইনজ্ঞরা।
Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW