Latest News

🌟 WEEKLY WRAP UP 🌟

একধাক্কায় ৩ ডিগ্রি বাড়ল কলকাতার পারদ, মাঘের শেষে বিদায়বেলায় কি শীতের ভোলবদল?

Author : Bureau Reporter

04 February 2026 03:59 PM

43

মাঘের শেষলগ্নে এসে বাংলার আবহাওয়ায় ব্যাপক রদবদল। পালাই পালাই করেও যেন পুরোপুরি যাচ্ছে না শীত, তবে আজ তিলোত্তমায় পারদ চড়ল অনেকটাই। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, একধাক্কায় ৩ ডিগ্রি বেড়েছে কলকাতার তাপমাত্রা।

 আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.২° সেলসিয়াস। গতকালের তুলনায় যা প্রায় ৩ ডিগ্রি বেশি এবং এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার চেয়েও কিছুটা উপরে। ভোরের দিকে হালকা কুয়াশা ও শীতের শিরশিরানি থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে শীতের আমেজ উধাও হচ্ছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯° থেকে ৩০° সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের প্রবেশ এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। ফলে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত আর নেই বললেই চলে। কলকাতার তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গের জেলাগুলোতে এখনও শীতের দাপট জারি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি বাড়তে পারে। তবে সপ্তাহান্তে পারদ সামান্য নামার সম্ভাবনা থাকলেও তা খুব একটা স্থায়ী হবে না।

Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW