Latest News

🌟 WEEKLY WRAP UP 🌟

'সংবিধান মানতে না পারলে ভারত ছাড়ুন': হোয়াটসঅ্যাপ ও মেটা-কে চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

Author : Bureau Reporter

04 February 2026 03:07 PM

100

ভারতীয় নাগরিকদের তথ্যের গোপনীয়তা বা ‘ডেটা প্রাইভেসি’ নিয়ে টেক জায়ান্ট মেটা (Meta) এবং তাদের মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপকে (WhatsApp) নজিরবিহীন হুঁশিয়ারি দিল ভারতের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির একটি বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, এ দেশের আইন ও সংবিধান মেনে ব্যবসা করতে না পারলে সংস্থাগুলি ভারত ছেড়ে চলে যেতে পারে।

২০২১ সালে হোয়াটসঅ্যাপ তাদের প্রাইভেসি পলিসিতে পরিবর্তন এনেছিল, যেখানে ব্যবহারকারীদের তথ্য মেটা-র অন্যান্য প্ল্যাটফর্মের সাথে শেয়ার করা বাধ্যতামূলক করা হয়। একে "Take it or Leave it" (মানলে মানুন, নয়তো বিদায় নিন) নীতি হিসেবে দেখা হয়েছিল। এর বিরুদ্ধেই ভারতীয় প্রতিযোগিতা কমিশন (CCI) ২১৩.১৪ কোটি টাকার জরিমানা করেছিল। সেই জরিমানার বিরুদ্ধে মেটা-র করা আপিল মামলার শুনানিতেই আদালত এই মন্তব্য করে।

 প্রধান বিচারপতি বলেন, "আপনারা যেভাবে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করছেন, তা আসলে মার্জিত উপায়ে তথ্য চুরি করার শামিল। আমরা নাগরিকদের গোপনীয়তা নিয়ে এভাবে খেলা করতে দেব না।" আদালত প্রশ্ন তোলে যে, হোয়াটসঅ্যাপের জটিল আইনি ভাষায় লেখা নীতিমালা কি বিহারের গ্রামের কোনো কৃষক বা তামিলনাড়ুর রাস্তার কোনো বিক্রেতা বুঝতে পারবেন? বিচারপতির মতে, সাধারণ মানুষকে অন্ধকারে রেখে তাদের সম্মতি নেওয়া হচ্ছে। শুনানির সময় আদালত উদ্বেগ প্রকাশ করে বলে যে, কেউ যদি কোনো অসুখের কথা চ্যাটে লেখেন, তবে সাথে সাথেই ফেসবুকে সেই ওষুধের বিজ্ঞাপন দেখা যায়। এটি গোপনীয়তার চরম লঙ্ঘন। মেটা-র আইনজীবীরা যখন জানান যে তাঁরা আন্তর্জাতিক নিয়ম মেনে চলছেন, তখন প্রধান বিচারপতি কড়া ভাষায় বলেন, "আমাদের সংবিধান আপনাদের ওপর কোনো বাধ্যবাধকতা চাপিয়ে থাকলে তা মানতে হবে। যদি না পারেন, তবে ভারত ছেড়ে চলে যান।"

ভারতের প্রতিযোগিতা কমিশন (CCI) কর্তৃক আরোপিত ২১৩ কোটি টাকার জরিমানা মেটা ইতিমধ্যেই জমা দিয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, এই অর্থ আপাতত ফেরত দেওয়া হবে না। এছাড়া, আগামী ৯ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির আগে ব্যবহারকারীদের কোনো তথ্য বিজ্ঞাপনের জন্য শেয়ার না করার বিষয়ে একটি হলফনামা বা ‘আন্ডারটেকিং’ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW